বয়সের কাঁটা এগিয়ে চললেও জয়া আহসানকে দেখে যেন সময়ের হিসাব মেলানো কঠিন। রুপালি পর্দার চাকচিক্যের বাইরে প্রকৃতি ও নিজের মতো করে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। এবার নীলের আবেশে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন জয়া আহসান। নীলের মায়ায় ধরা দেওয়া এসব ছবিতে তাঁর চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে। ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও বয়স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ তাঁর এই কথার সঙ্গে মিশে থাকা আত্মবিশ্বাসী ভঙ্গিও নজর কেড়েছে অনুরাগীদের।
ছবির কমেন্ট বক্সে জয়ার সৌন্দর্যের প্রশংসা করেছেন অসংখ্য ভক্ত। কেউ লিখেছেন, ছোটবেলায় যেমন দেখেছেন, এখনো নাকি তাঁকে একই রকম লাগে। অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ আরেক ভক্ত লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসানের উপস্থিতি বরাবরই ভক্তদের আগ্রহের বিষয়। নতুন ছবিগুলোতেও তাঁর স্বতন্ত্র স্টাইল ও সৌন্দর্যই যেন সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।