কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল হিসেবে নির্মিত এই ছবিটি শুক্রবার (১০ জুলাই) প্রেক্ষাগৃহে আসছে। মুক্তির আগে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলি ও সংশ্লিষ্টরা।

টানা প্রচারণার ব্যস্ততার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন জয়া আহসান। বৃষ্টিভেজা আবহাওয়ায় এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে ছুটতে গিয়ে ঠাণ্ডায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ছবির প্রচারণার দায়িত্ব পালন করে যাচ্ছেন এই অভিনেত্রী।

মুক্তির আগের দিন পর্যন্ত সিনেমাটির পূর্ণাঙ্গ হল তালিকা প্রকাশ না হওয়ায় কিছুটা হতাশাও প্রকাশ করেছেন জয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘হল লিস্ট এখনো দেয়নি। এ সপ্তাহে হিন্দি ছবিও মুক্তি পাচ্ছে। সে কারণেই এমন জটিলতা। হিন্দি ছবি এলেই এখানে এরকম পরিস্থিতি হয়। বিষয়টি নিয়ে অনেকে কথা বলেছেন, এখনও বলছেন। দেখা যাক কী হয়।’

তবে হলসংকটের মাঝেও দর্শকদের আগ্রহ নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী। তার ভাষ্য, ‘দর্শক ভীষণ আগ্রহী। অস্থির হয়ে আছে ছবিটি দেখার জন্য। আগের ছবিটি সবাই পছন্দ করেছিল। এবার ট্রেলার দেখার পর আগ্রহ আরও বেড়েছে। যেসব হলে সিনেমাটি নিশ্চিত হয়েছে, সেগুলোর অনেক শোর টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।’

‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে রহস্য বজায় রেখেই জয়া বলেন, ‘একটাই কথা বলতে পারি, এবার ডোজটা একটু কড়া।’ তিনি আরও জানান, ছবিতে এমন কিছু জটিল ও স্পর্শকাতর পরিস্থিতি রয়েছে, যা দর্শকদের আবেগতাড়িত করবে।

নির্মাতা কৌশিক গাঙ্গুলির প্রশংসা করে জয়া বলেন, ‘তিনি অত্যন্ত গুণী নির্মাতা, অভিনেতা এবং চিত্রনাট্যকার। সম্পর্কের গল্প নির্মাণে তার দক্ষতা অসাধারণ। আমার মনে হয়, সম্পর্কের চিত্রনাট্য লেখার ক্ষেত্রে পিএইচডিরও ওপরে কোনো ডিগ্রি থাকলে সেটার অধিকারী কৌশিক দা।’

ছবিতে জয়ার চরিত্র মেঘনার পরিবর্তিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে সহশিল্পী চূর্ণী গাঙ্গুলির প্রশংসা করে বলেন, তার সঙ্গে কাজ করা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা।

প্রসঙ্গত, ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেনের পাশাপাশি অভিনয় করেছেন অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, রায়া ভট্টাচার্য ও ডিম্পল আচার্য্য। ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।