রূপালী পর্দায় বাবা থালাপতি বিজয়ের দীর্ঘদিনের রাজত্ব থাকলেও ছেলে জেসন সঞ্জয় বেছে নিয়েছেন বিপরীত পথ। অভিনয় নয়, ক্যামেরার পেছনে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। বহুল চর্চার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জেসন সঞ্জয় পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সিগমা’। তবে প্রথম ছবিতেই দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ পরিচালক।
‘সিগমা’ মূলত একটি এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার ধর্মী সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ। সিনেমাটি মুক্তির পর সামাজিক মাধ্যমে নানা মত প্রকাশ করছেন দর্শকেরা। একদল দর্শক ছবিটিকে নিখাদ ‘ম্যাস এন্টারটেইনার’ বা পয়সা উসুল সিনেমা হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, সন্দীপ কিষানের উপস্থিতি, অ্যাকশন দৃশ্য ও ইন্টারভ্যাল সিকোয়েন্স দর্শকদের দারুণভাবে উপভোগ করিয়েছে।
তবে অন্যদিকে বেশ কিছু সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছে জেসনকে। অনেক নেটিজেনের মতে, নবাগত নির্মাতা হিসেবে চিত্রনাট্য ও চরিত্রায়নে জেসন মুন্সিয়ানা দেখাতে পারেননি। ইন্টারভ্যাল ও কার্নিভালের দৃশ্যগুলো ছাড়া পুরো সিনেমাটি বেশ গতানুগতিক ও সেকেলে মনে হয়েছে তাঁদের কাছে। লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত এবং থমনের সঙ্গীতে নির্মিত এই সিনেমাটির ফার্স্ট ডে ফার্স্ট শো চলাকালীন সময়ে জেসনকে সমর্থন জানাতে থালাপতি বিজয়ের পুরো পরিবার হলে উপস্থিত ছিল।