ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি বাংলার মসলিন শাড়ি পরে প্যারিসের আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘বিজনেস অব ফ্যাশন’ (BoF 500) আয়োজনে অপ্সরার মতো সাজে হাজির হয়ে বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও কারুকার্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেন তিনি।
ফ্যাশন দুনিয়ার ৫০০ প্রভাবশালী ব্যক্তিত্বের মর্যাদাপূর্ণ তালিকা ‘BoF 500’-এ এবার জায়গা করে নিয়েছেন জাহ্নবী। সেই অর্জন উদযাপনের মঞ্চেই তার ব্যতিক্রমী সাজে মুগ্ধ হন উপস্থিত সবাই।
জাহ্নবীর এই রাজকীয় লুকের নেপথ্যে ছিলেন ডিজাইনার ও স্টাইলিস্ট রিয়া কাপুর। ‘পঙ্কজ এস হেরিটেজ’-এর কাস্টম ডিজাইনে তৈরি শাড়িটিতে ঐতিহ্যবাহী মসলিনকে দেওয়া হয়েছে আধুনিক রূপ। ৪৬০ কাউন্টের সূক্ষ্ম সুতোয় তৈরি আইভরি রঙের শাড়িটিতে ফুটিয়ে তোলা হয়েছে মসলিনের ঐতিহ্যবাহী কারুকাজ, যা ‘বাফ-ই-হাওয়া’, ‘শবনমী’ বা ‘চাঁদনি’ নামেও পরিচিত।
শাড়ির ওপর পোখরাজ, পান্না, গার্নেট, মুক্তা ও সোনার পুঁতির সূক্ষ্ম কাজ ছিল। কাঁধ থেকে হাত পর্যন্ত ছড়িয়ে থাকা এই অলংকরণ জাহ্নবীর পুরো লুককে আরও আকর্ষণীয় করে তোলে।
২০২৬ সালের ‘BoF 500’ তালিকায় বিশ্বজুড়ে আটটি ক্যাটাগরিতে ১০০ জন নতুন ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাহ্নবীর পাশাপাশি এবার তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় মডেল ভাবিতা মান্ডভা ও প্রীতিশা স্বরূপ।