বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথমবারের মতো পেশাদার অভিনয়ে নাম লিখিয়েছেন। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। ঢাকার কলাবাগানের একটি মাঠে সোমবার থেকে এই সিরিজের শুটিং শুরু হয়েছে। সিরিজটি পরিচালনা করছেন তারিক মুহাম্মাদ হাসান।
জামাল ভূঁইয়ার প্রথম অভিনয়ের এই সফরে তার বিপরীতে নায়িকা হিসেবে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।
শুরুতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও পরিচালকের ধারাবাহিক প্রচেষ্টা, সাহস এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের অনুপ্রেরণায় শেষ পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হন জামাল। টুকটাক বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটক-সিরিজে অভিনয়ের পুরো বিষয়টিকে বেশ চমৎকার কিন্তু কিছুটা কঠিন মনে করছেন এই ফুটবল তারকা।
পরিচালক তারিক মুহাম্মাদ হাসান জানান, শুধুমাত্র চমক দেওয়ার জন্য নয়, বরং গল্পের প্রয়োজনেই জামাল ভূঁইয়াকে এই চরিত্রে কাস্ট করা হয়েছে। ৮ পর্বের এই সিরিজে জামাল ভূঁইয়া ও তাসনুভা তিশা ছাড়াও অভিনয় করেছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে (iScreen) সিরিজটির প্রচার শুরু হবে।