সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন এন্টারটেইনার সিনেমা ‘জেলার ২’ মুক্তির পর থেকেই ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে এক অনন্য উন্মাদনা। চেন্নাই ও বেঙ্গালুরুর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ছবির প্রিমিয়ার ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভক্তরা রাত আড়াইটা থেকেই সেলিব্রেশন শুরু করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
স্থানীয় সময় রাত ২:৩০ মিনিটে দুবাইয়ে রজনীকান্তের ফ্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ স্ক্রিনিং ও উদযাপনের আয়োজন করা হয়, যা ভক্স সিনেমাস এবং স্টার সিনেমাস-এ প্রদর্শিত হচ্ছে। দুবাই ফেস্টিভ্যাল সিটি মলে ভক্স সিনেমার তথ্য অনুযায়ী, সকাল থেকে শুরু হওয়া শো গুলোতে টিকিটের মূল্য ৪৬ এইডি থেকে শুরু হয়ে ক্যাটাগরি ভেদে ৫৬ এইডি ও ৬১ এইডি পর্যন্ত রয়েছে। অন্যদিকে আবুধাবিতে সকাল থেকেই স্ক্রিনিং শুরু হয়ে শেষ শো রয়েছে রাত ১০:৩০টায়, যেখানে টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ৫২ এইডি থেকে ৭০ এইডির মধ্যে।
‘জেলার ২’ সিনেমায় রিটায়ার্ড জেলর ‘টাইগার মুথুভেল পাণ্ডিয়ান’ চরিত্রে আবারও পর্দায় ফিরেছেন রজনীকান্ত। নেলসন দিলীপকুমারের পরিচালনায় এবারের সিক্যুয়ালে মূল আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন হৃতিক রোশন, বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, বিজয় সেতুপতি ও এস জে সুর্য। এছাড়া আগের কাস্টিংয়ের মতো মোহনলাল, শিবা রাজকুমার ও রাম্যা কৃষ্ণান তো থাকছেনই। ছবিটির দারুণ প্রি-সেলস এবং অনিরুদ্ধ রবিচন্দরের দুর্দান্ত সংগীত পরিচালনা সিনেমাটিকে বক্স অফিসে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।