সংক্ষিপ্ত সফর শেষে আবারও লন্ডনে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকালে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
দেশ ছাড়ার আগের রাতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা সময় কাটান লিটন। দীর্ঘ আলাপচারিতায় নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেতা। পাশাপাশি তাঁর স্বপ্নের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
লিটন এরশাদ বলেন, ‘সকালে তাঁকে বিদায় দিতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আবেগী হয়ে যেতে পারি। তাই গতকাল রাতে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলাম। তিনি বারবার একটি কথাই বলছিলেন, আমার জন্য দোয়া করো। নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করো। তোমরা সবাই মিলে সংগঠনটিকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই দোয়া করি।’
দেশ ছাড়ার আগে গত মঙ্গলবার নিজ জন্মস্থান কিশোরগঞ্জের করিমগঞ্জে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন তিনি। পরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি মসজিদের উন্নয়নের জন্য দান করেন।
১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। তবে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট থেকে তাঁর ব্রেন টিউমারের দ্বিতীয় ধাপের চিকিৎসা শুরু হওয়ার কথা রয়েছে।
গত বছরের প্রথম দিকে ইলিয়াস কাঞ্চনের শরীরে টিউমার ধরা পড়ে। পরে পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।