বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড র্যাপার হানি সিংয়ের। বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় আসা এই তারকা এবার পড়েছেন আইনি জটিলতায়। চলতি বছরের শুরুতে একটি কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে মামলা দায়ের করা হয়। সেই মামলার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার সমন পেলেও তা এড়িয়ে গেছেন গায়ক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত মন্তব্যের ঘটনায় হানি সিংকে গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশি জেরা এড়াতে প্রতিনিধি মারফত বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। দিল্লির একটি কনসার্টে পারফর্ম করার সময় তীব্র শীতের মধ্যে গাড়িতে যৌন সম্পর্ক করার পরামর্শ দেওয়ার অভিযোগ ওঠে হানি সিংয়ের বিরুদ্ধে। একইসঙ্গে দর্শকদের উদ্দেশে কনডম ব্যবহারের পরামর্শ দিতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করেন বলেও অভিযোগ করা হয়। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা।
পরিস্থিতি সামাল দিতে পরে ক্ষমা চান হানি সিং। তাঁর দাবি ছিল, অনিরাপদ যৌনতার কারণে তরুণ প্রজন্ম যে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে, সে বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি এমন ভাষা ব্যবহার করেছিলেন।
ক্ষমা চাওয়ার সময় চিকিৎসকদের পরামর্শের কথাও উল্লেখ করেন তিনি। হানি সিং জানান, জেন-জি ও বর্তমান প্রজন্মের কাছে বিষয়টি সহজ ও বোধগম্যভাবে তুলে ধরতেই তিনি রূপক ও অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করেছিলেন।
তবে চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করেও বিতর্ক থামেনি। বরং ভাষার শালীনতা নিয়ে প্রশ্ন ওঠে এবং অশালীন মন্তব্য ছড়ানোর অভিযোগে বিষয়টি গড়ায় আইনি প্রক্রিয়ায়। এবার সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল হানি সিংয়ের। তবে নির্ধারিত দিনে হাজির না হয়ে প্রতিনিধি মারফত সময় চাওয়ায় তাঁর আইনি জটিলতা আরও আলোচনায় এসেছে।