অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ করেই মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন ভারতীয় অভিনেতা গুরমিত চৌধুরী। কিন্তু মুম্বাইয়ের অলিগলিতে অডিশন দেওয়া থেকে শুরু করে টিকে থাকার লড়াইটা মোটেও সহজ ছিল না। একসময় দিনে মাত্র ৩৬ রুপিতে (প্রায় ৪৫ টাকা) দিন চালাতে হতো তাঁকে, দুপুরের খাবার বলতে ছিল কেবল কয়েকটি বিস্কুট। তবে সেই কঠিন দিনগুলো পেরিয়ে এখন তিনি কোটি রুপির সম্পদের মালিক। মুম্বাইয়ে রয়েছে তাঁর প্রায় ২১ কোটি টাকা (১৬ কোটি রুপি) মূল্যের বিলাসবহুল বাড়ি। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে তাঁর লড়াইয়ের বিস্তারিত।

মুম্বাইয়ে শুরুর দিনগুলোতে এক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অন্যটিতে অডিশন দিতে একাধিক বাস বদলাতে হতো গুরমিতকে। ছোটখাটো বা নামহীন চরিত্রে কাজ করে যে আয় হতো, তা দিয়ে মুম্বাইয়ের মতো শহরে টিকে থাকা ছিল বেশ কষ্টকর। এই প্রতিকূল পরিস্থিতিতেই কিংবদন্তি প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার একটি ফোনকল তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। যশ চোপড়া তাঁকে ছোট পর্দায় কাজ করার পরামর্শ দেন।

পরবর্তীতে পৌরাণিক ধারাবাহিক ‘রামায়ণ’-এ রাম চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে ব্যাপক পরিচিতি পান গুরমিত। এরপর ‘গীত হুই সবসে পারায়ি’ নাটকে মান সিং খুরানা চরিত্রে এবং ‘পুনর্বিবাহ’ ধারাবাহিকে অভিনয় করে তরুণ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ২০১৫ সালে ‘খামোশিয়াঁ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেও ছোট পর্দার মতো সাফল্য তিনি বড় পর্দায় পাননি। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘কমান্ডার করণ সাক্সেনা’ সিরিজে অ্যাকশন অবতারে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বর্তমানে ২০২৬ সালের নতুন ঐতিহাসিক সিনেমা ‘দ্য ব্যাটল অব শত্রুঘাট’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন গুরমিত। শাহিদ কাজমি পরিচালিত এই সিনেমায় তাঁকে একজন সাহসী যোদ্ধার চরিত্রে দেখা যাবে। ব্যক্তিগত জীবনে স্ত্রী দেবিনা ব্যানার্জির সঙ্গে চমৎকার দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে শূন্য থেকে সাফল্যের চূড়ায় পৌঁছানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।