বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে সম্প্রতি নতুন করে চাউর হয়েছে পরকীয়ার গুঞ্জন। তরুণ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে অভিনেতার নাম জড়িয়ে একাধিক খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় জোর আলোচনা। এমনকি এই ইস্যুতে গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন। তবে যখন এই বিতর্কে তোলপাড় বলিপাড়া, ঠিক তখনই অভিনেতা গোবিন্দর পাশে দাঁড়িয়েছেন নব্বইয়ের দশকের পরিচিত অভিনেত্রী সোমি আলী।
সম্প্রতি বিমানবন্দরে অভিনেত্রী কোমল রানির সঙ্গে দেখা যায় গোবিন্দকে। এর পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে গোবিন্দর স্ত্রী সুনীতা পরোক্ষ মন্তব্য করে বসেন, "গোবিন্দার মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, ভালো পোশাক পরুন।" সুনীতার এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সমালোচনা আরও তীব্র রূপ নেয়।
তবে সমালোচনার জবাবে সামাজিক মাধ্যমে গোবিন্দর সঙ্গে তোলা পুরনো ছবি শেয়ার করে সোমি আলী জানান, গোবিন্দ হিন্দি সিনেমার অন্যতম সেরা ও বিনয়ী প্রতিভা। কম বয়সী নায়িকার সঙ্গে অভিনয় করা বা দেখা যাওয়াকে বয়সের মাপকাঠিতে বিচার করা একদমই উচিত নয়। সোমি আরও লেখেন, "চিচি (গোবিন্দ) এবং সুনীতা—উভয়ের প্রতিই আমি শ্রদ্ধাশীল। তবে কম বয়সী অভিনেত্রীর সঙ্গে কোনো অভিনেতার কাজ করার সিদ্ধান্তকে বয়সের ফ্রেমে বাঁধা ঠিক নয়। প্রতিভার কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে না।"