আট থেকে আশি সব বয়সের দর্শকের প্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাচ্ছে বলে বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন চলছিল। প্রিয় চরিত্রটিকে আর দেখা যাবে না ভেবে হতাশ হয়ে পড়েছিলেন অসংখ্য ভক্ত। তবে সব শঙ্কা ও গুঞ্জনে ইতি টেনে সনি আট কর্তৃপক্ষ জানিয়েছে, গোপাল ভাঁড় বন্ধ হচ্ছে না; বরং নতুন পর্ব নিয়ে আবার পর্দায় ফিরছে সবার প্রিয় এই চরিত্রটি।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভক্তদের জন্য আরও বড় চমক নিয়ে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ। বিশেষ এই আয়োজন হিসেবে টানা ছয় ঘণ্টা ধরে প্রচারিত হবে গোপাল ভাঁড়ের একদম নতুন পর্ব। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিশেষ পোস্টারে হাস্যোজ্জ্বল গোপাল ভাঁড়কে প্রদর্শন করে সনি আট লিখেছে, "হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভার-এর নতুন পর্ব আসছে ১৫ আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!"
প্রকাশিত প্রচারণামূলক ভিডিওতে চ্যানেলটি আরও জানায়, "স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল… বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল…হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।"
কৃষ্ণনগরের লোককথার জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে কেন্দ্র করে নির্মিত এই অ্যানিমেশন সিরিজটি দীর্ঘদিন ধরে ছোট-বড় সবার মুখে হাসি ফুটিয়ে আসছে। সনি আট কর্তৃপক্ষের এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, শো বন্ধ হওয়ার খবরটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। এতে করে দীর্ঘদিনের গুঞ্জনে বিভ্রান্ত ও হতাশ ভক্তদের মনে ফিরে এসেছে স্বস্তি।