বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল গওহর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে করা তার মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মঙ্গলবার আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক কনটেন্ট ক্রিয়েটরের শেয়ার করা একটি ভিডিও নিজের স্টোরিতে পোস্ট করেন গওহর খান। সেই পোস্টে তিনি মেসিকে উদ্দেশ করে লেখেন, ‘কী এক লুজার! মেসি নয়, যেন “মেসি”। একেবারে নিকৃষ্ট মানের অভিনেতা।’
গওহর যে ভিডিওটি শেয়ার করেছিলেন, সেখানে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটিকে ফুটবল ইতিহাসের অন্যতম হতাশাজনক মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়। ম্যাচের শেষ দিকে রেফারির কিছু সিদ্ধান্ত এবং মাঠের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে।
একাংশ সমর্থক আর্জেন্টিনার বিরুদ্ধে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তুলেছেন এবং ম্যাচ পরিচালনায় রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের দাবি, দলটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং প্রাপ্য জয়ই অর্জন করেছে।
গওহর খানের মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তার মন্তব্যকে অসম্মানজনক বলে সমালোচনা করেছেন এবং মেসির পক্ষে অবস্থান নিয়েছেন। আবার কেউ কেউ ম্যাচের বিতর্কিত ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে গওহরের বক্তব্যকে সমর্থনও করেছেন।
সব বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্কের উত্তাপ ছড়িয়ে পড়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গওহর খান ও লিওনেল মেসি।