মহাকাব্যিক এক আবহের মধ্য দিয়ে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই আসরকে বরণ করে নিতে তিন দেশেই আয়োজন করা হয়েছে জমকালো উদ্বোধনী উৎসবের। বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, কেটি পেরি, নোরা ফাতেহি থেকে শুরু করে আন্তর্জাতিক সংগীত জগতের একঝাঁক মহাতারকা এবার মঞ্চ কাঁপাতে প্রস্তুত। এবিসি নিউজের তথ্য অনুযায়ী, এবারের এই দুই দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে থাকছে চোখধাঁধানো নৃত্য, আধুনিক লোকজ পরিবেশনা এবং আদিবাসী সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন, যা পুরো আয়োজনকে দেবে ভিন্ন মাত্রা।
মেক্সিকো সিটির উদ্বোধনী মঞ্চে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র স্মৃতি
আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের স্বাগতিক মেক্সিকোর ম্যাচের ৯০ মিনিট আগে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত কলম্বিয়ান পপ কুইন শাকিরা মেক্সিকোর উদ্বোধনী মঞ্চে তাঁর নতুন গান ‘দাই দাই’ (যার অর্থ ‘চলো’) পরিবেশন করবেন, যেখানে তাঁর সাথে থাকবেন আফ্রোবিট তারকা বার্না বয়। ১৬ থেকে ১৭ মিনিটের এই সংক্ষিপ্ত ও গতিময় অনুষ্ঠানে ল্যাটিন ও মেক্সিকান জনপ্রিয় শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলা পারফর্ম করবেন। এই ঐতিহাসিক দিনটি উদযাপন করতে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ ইতিমধ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে। এছাড়া আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালের বিরতিতেও ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস-এর সাথে শাকিরা আবারও মঞ্চে ফিরবেন।
টরন্টোয় কানাডার বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব
বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার টরন্টো স্টেডিয়ামে। স্বাগতিক কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচের আগে একটি জাঁকজমকপূর্ণ ক্ষণগণনা (Countdown) দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে। এই আয়োজনে সংগীত ও নৃত্যের মাধ্যমে কানাডার গৌরবময় ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে। এই মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে বিশ্বখ্যাত জাজ ও পপ তারকা মাইকেল বুবল, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, ভেজেড্রিম, উইলিয়াম প্রিন্স, সঞ্জয় এবং বলিউড সেনসেশন নোরা ফাতেহির।
লস অ্যাঞ্জেলেসে কেটি পেরি ও লিসার আমেরিকান ধামাকা
বিশ্বকাপের তৃতীয় ও শেষ উদ্বোধনী উৎসবের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম (সোফাই স্টেডিয়াম)। স্বাগতিক ইউএসএ এবং প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের আগে ভোরবেলা থেকেই শুরু হবে আমেরিকার এই জমকালো আয়োজন। যুক্তরাষ্ট্রের পপ সংস্কৃতির ধারা বজায় রেখে এই মঞ্চ মাতাবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান সেনসেশন অ্যানিত্তা, ব্ল্যাকপিংক খ্যাত কে-পপ তারকা লিসা, আফ্রোবিট গায়ক রেমা এবং টাইলা। অলিম্পিক ও বিশ্বকাপের মতো বড় বড় বৈশ্বিক ইভেন্ট পরিচালনার জন্য খ্যাত বিখ্যাত প্রযোজক মার্কো বালিচ এবারের এই তিনটি রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠান প্রযোজনার দায়িত্বে রয়েছেন।