ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি তাদের ছেলে ফারদিন এহেসান স্বাধীনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি কৌশলে পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। এবার মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফারদিন।
ওমর সানী জানান, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন এই অভিনেতা। তাই মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন তিনি।
তবে ওমর সানীর বক্তব্যের পরও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে একই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ফারদিন।
পোস্টে তিনি লেখেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’
ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, এসব পেজে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিও লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে ক্লিক করে ভিডিওটি আর পাওয়া যায়নি।
এদিকে ছেলের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী। এর মাধ্যমে মাকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এই অভিনেতা।
মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর এবং এর বিরুদ্ধে ফারদিনের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট পেজগুলো নির্ধারিত সময়ের মধ্যে কনটেন্ট সরিয়ে নেয় কি না, নাকি বিষয়টি শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।