হলিউডের আলোচিত ওয়েব সিরিজ ‘ইউফোরিয়া’র মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিতি পাওয়া অভিনেত্রী ক্লো চেরি এবার তাঁর জীবনের চড়াই-উতরাইয়ের গল্প বইয়ের পাতায় নিয়ে আসছেন। নিজের শৈশব, ব্যক্তিগত সংগ্রাম এবং প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র শিল্প (অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট) থেকে মূলধারার হলিউডে জায়গা করে নেওয়ার অবিশ্বাস্য এক সত্য কাহিনি নিয়ে আত্মজীবনী লিখছেন তিনি। ‘সামহয়ার ডার্ক অ্যান্ড হট’ শিরোনামের ২৮৮ পৃষ্ঠার এই বইটি আগামী ২০২৭ সালের ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে।

বইটির প্রকাশনা সংস্থার তথ্য অনুযায়ী, ক্লো চেরির এই জীবনগল্পটি কেবল একটি সাধারণ আত্মজীবনী নয়, বরং এটি সমাজে প্রচলিত একটি বড় ধারণাকে চ্যালেঞ্জ করার দলিল। সাধারণত মনে করা হয়, প্রাপ্তবয়স্কদের সিনেমা জগৎ থেকে এসে মূলধারার বিনোদন মাধ্যমে সফল হওয়া প্রায় অসম্ভব। কিন্তু ক্লো তাঁর মেধা ও পরিশ্রম দিয়ে সেই গণ্ডি ভেঙে হলিউডে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। বইটিতে তাঁর এই দীর্ঘ ও কঠিন যাত্রার পেছনের সব অজানা অধ্যায় খোলোমেলাভাবে পাঠকদের সামনে তুলে ধরা হবে।

পেনসিলভানিয়ায় এক চরম মানসিকভাবে নির্যাতনমূলক পারিবারিক পরিবেশের মধ্যে কেটেছে ক্লো চেরির শৈশব। মাত্র ১৮ বছর বয়সে সেই বিষাক্ত পরিবেশ থেকে এক কাপড়ে বেরিয়ে আসার এক কঠিন ও সাহসী সিদ্ধান্ত নেন তিনি। সেই পরিস্থিতিতে সম্পূর্ণ একা হয়ে নিজের জীবিকা নির্বাহের তাগিদে বাধ্য হয়েই তিনি প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র শিল্পে কাজ শুরু করেন। তবে তাঁর জীবনের সবচেয়ে বড় মোড়টি ঘোরে যখন প্রখ্যাত নির্মাতা স্যাম লেভিনসন তাঁর ‘ইউফোরিয়া’ সিরিজের দ্বিতীয় মৌসুমে ‘ফে’ চরিত্রের জন্য ক্লো-কে নির্বাচন করেন। এই একটি চরিত্রই রাতারাতি তাঁর অভিনয় জীবনের গতিপথ বদলে দেয় এবং তাঁকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।