বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি এবার জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার সঙ্গে। আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ‘গানমাস্টার জি৯’ সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম সিঙ্গেল ‘আফসানা বানায়া আপনে’। গানটিতে ইমরান ও জেনেলিয়ার মিষ্টি রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে পাহাড়ি শহর মিসৌরীর মনোরম পরিবেশে। এতে জেনেলিয়াকে দেখা গেছে এক লাজুক ক্যাফে মালিকের চরিত্রে। অন্যদিকে ইমরানের উপস্থিতি ও ভালোবাসার আবেদনে ধীরে ধীরে সাড়া দিতে দেখা যায় তাকে। পুরো গানজুড়েই এই নতুন জুটির সহজ-স্বাভাবিক কেমিস্ট্রি তৈরি করেছে আলাদা আবহ।

গানটির শিরোনাম হিমেশ রেশমিয়ার জনপ্রিয় ‘আশিক বানায়া আপনে’ গানের কথা মনে করিয়ে দিলেও, ইমরান জেনেলিয়ার রসায়ন এটিকে দিয়েছে নতুন মাত্রা। ইমরান বলেন, ‘হিমেশ, পরিচালক আদিত্য এবং আমার একসঙ্গে কাজের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবে “আফসানা বানায়া আপনে” গানটির নিজস্ব একটা আবেগ রয়েছে।’

হিমেশ রেশমিয়া ও আসিস কৌরের কণ্ঠে সাজানো গানটির সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন হিমেশ রেশমিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত। দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত ছবিতে ইমরান ও জেনেলিয়ার পাশাপাশি অভিনয় করেছেন আপারশক্তি খুরানা ও অভিষেক সিং।

সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘গানমাস্টার জি৯’ আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।