পবিত্র ঈদুল ফিতর এ মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমা দম। নির্মাতা রেদওয়ান রনির পরিচালনা এবং আফরান নিশোর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
যুক্তরাষ্ট্রের কুইন্স (নিউইয়র্ক), নর্থ হলিউড ও মনিরো ভ্যালি (লস অ্যাঞ্জেলেস এলাকা), চিনো হিলস (ক্যালিফোর্নিয়া), অ্যারিজোনার টেম্পি ও চ্যান্ডলার এবং কলোরাডোর বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ‘দম’। যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ জানিয়েছেন, শুরুতে শুধু নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তির পরিকল্পনা থাকলেও দর্শকদের আগ্রহ দেখে আরও শহর যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, আগাম প্রচারণা ও অ্যাডভান্স টিকিট বিক্রিতেই ভালো সাড়া মিলেছে, যা সিনেমাটির আন্তর্জাতিক বাজারেও সফলতার ইঙ্গিত দিচ্ছে।
আগামী ১৭ এপ্রিল কানাডাতেও মুক্তি পেতে যাচ্ছে ‘দম’। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান ও আটলান্টাসহ আরও বিভিন্ন অঙ্গরাজ্যে ধাপে ধাপে সিনেমাটি প্রদর্শিত হবে।
দেশের প্রেক্ষাগৃহেও চতুর্থ সপ্তাহে সফলভাবে চলছে ‘দম’। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর।
সব মিলিয়ে, দেশ-বিদেশে ইতিবাচক সাড়া পেয়ে ‘দম’ এখন হয়ে উঠছে বাংলাদেশের সিনেমার জন্য এক গর্বের অর্জন।