দীর্ঘ আইনি জটিলতা এবং সেন্সর বোর্ডের নানা আপত্তির পাহাড় ডিঙিয়ে অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল ভারতীয় মানবাধিকার কর্মী জসওয়ান্ত সিং খালরার জীবনীনির্ভর সিনেমা ‘পাঞ্জাব ৯৫’। তবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ-এ (ZEE5) এটি মুক্তি পেয়েছে সম্পূর্ণ নতুন নাম ‘সাতলুজ’ (Satluj) হিসেবে। সিনেমাটি কোনো ধরনের কর্তন ছাড়াই এর মূল সংস্করণে স্ট্রিম হচ্ছে বলে নিশ্চিত করেছেন এর পরিচালক হানি ট্রেহান এবং প্রধান চরিত্রের অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
ওটিটি অভিষেকের পর সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জসওয়ান্ত সিং খালরার পরিবার। জসওয়ান্ত সিং খালরার স্ত্রী পরমজিৎ কৌর খালরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তাঁর স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, ওটিটিতে মুক্তি পাওয়া এই সংস্করণটিই তাঁদের পরিবারের অনুমোদিত মূল রূপ।
পরমজিৎ কৌর খালরা তাঁর পোস্টে লেখেন, “বহু বছরের রাজনৈতিক বাধা এবং অসংখ্য চ্যালেঞ্জ অতিক্রম করে অবশেষে ওটিটির মাধ্যমে এই সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছাতে পারায় আমি অত্যন্ত আনন্দিত ও স্বস্তি বোধ করছি। এটি সেই মূল সংস্করণ, যা প্রথম আমাদের পরিবারকে দেখানো হয়েছিল। আমাদের ওপর প্রচণ্ড চাপ এবং সিনেমাটিতে নানা পরিবর্তনের বারবার চেষ্টা করা সত্ত্বেও এর মূল চেতনা এবং সত্যকে যে অক্ষুণ্ণ রাখা হয়েছে, তা আমাদের আশ্বস্ত করেছে।”
তিনি আরও যোগ করেন, “জসওয়ান্ত সিং খালরার জীবন ছিল সত্য, ন্যায়বিচার এবং মানবাধিকার রক্ষায় নির্ভীক সাহসের এক অনন্য দৃষ্টান্ত। তাই শিখদের ওপর চালানো গণহত্যা এবং তাঁর লড়াইয়ের গল্পটি কোনো ধরনের আপস বা বিকৃতি ছাড়াই সততার সাথে পর্দায় তুলে ধরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।” সিনেমাটিতে ২৫ হাজারেরও বেশি দাবিহীন লাশের স্পর্শকাতর বিষয় এবং জসওয়ান্ত সিংয়ের আইনি লড়াইকে অত্যন্ত সততার সাথে ফুটিয়ে তোলার জন্য তিনি পরিচালক হানি ট্রেহানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০২২ সালে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে জমা দেওয়ার পর দীর্ঘ প্রায় তিন বছর ধরে সিনেমাটির সেন্সর ছাড়পত্র আটকে ছিল। সেন্সর বোর্ড সিনেমাটিতে ১২৭টি কাটের (দৃশ্য বাদ দেওয়া) নির্দেশ দিয়েছিল এবং এর মূল নাম ‘ঘালুঘারা’ পরিবর্তন করতে বলেছিল। এমনকি ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF) এর প্রিমিয়ার হওয়ার কথা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের আপত্তির মুখে তা বাতিল করা হয়। অবশেষে সিনেমার শুরুর ক্রেডিট থেকে ‘সত্য ঘটনা অবলম্বনে’ কথাটি বাদ দিয়ে এবং নাম পরিবর্তন করে এটি মুক্তির সবুজ সংকেত পায়।
সিনেমাটিতে দিলজিৎ দোসাঞ্জ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, কানওয়ালজিৎ সিং, সুবিন্দর ভিকি এবং গীতিকা বিদ্যা ওহলিয়ান।