ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি-কে নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। অভিনয়জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার পরীমণির জীবনভিত্তিক কোনো চলচ্চিত্র নির্মিত হলে সেখানে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেন দীঘি। তিনি জানান, পরীমণির জীবনের গল্প নিয়ে বায়োপিক নির্মিত হলে সেই চলচ্চিত্রে পরীমণির চরিত্রে অভিনয় করতে চান তিনি।

দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিকে অভিনয় করতে চাই। একটি অনুষ্ঠানে দেখেছিলাম, পরী আপু বলেছিলেন“আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।”’

তবে দীঘির বিশ্বাস, পরীমণির জীবন নিয়ে নির্মিত কোনো চলচ্চিত্র দর্শকদের জন্য দারুণ উপভোগ্য হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় পরী আপুর বায়োপিক হলে সেটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিনোদনপূর্ণ বায়োপিকগুলোর একটি হবে। আমি সত্যিই সেই চরিত্রে অভিনয় করতে চাই।’

দীঘির এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সংগ্রাম, সাফল্য, বিতর্ক ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ে ভরপুর পরীমণির জীবন সত্যিই বড় পর্দার জন্য উপযুক্ত একটি গল্প হতে পারে। আবার অনেক দর্শক মত দিয়েছেন, পরীমণির চরিত্রে দীঘিকেও মানিয়ে যেতে পারে।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন দীঘি। পরে নায়িকা হিসেবেও চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন। অন্যদিকে, পরীমণি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও আলোচিত সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত নাম। এখন দেখার বিষয়, ভবিষ্যতে সত্যিই যদি পরীমণির জীবন নিয়ে কোনো বায়োপিক নির্মিত হয়, তাহলে সেই গল্পে পর্দার পরীমণি হয়ে হাজির হন কে।