বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’ (Dhamaal 4) বক্স অফিসে বেশ শক্ত অবস্থান বজায় রেখেছে। মুক্তির প্রথম উইকেন্ডে দারুণ আয়ের পর প্রথম সোমবারের গুরুত্বপূর্ণ ‘হোল্ড টেস্ট’-এও সিনেমাটি সফলভাবে পাস করেছে।

ইন্দ্র কুমার পরিচালিত এবং অজয় দেবগন অভিনীত এই কমেডি ড্রামাটি প্রথম সোমবারে বক্স অফিসে আনুমানিক ৮.২৫ থেকে ৮.৫০ কোটি রুপি সংগ্রহ করেছে। ওপেনিং ডে বা প্রথম শুক্রবারের তুলনায় এই সংগ্রহে মাত্র ৪০ শতাংশের মতো পতন দেখা গেছে, যা কর্মদিবসের কালেকশন হিসেবে বেশ ইতিবাচক। এই দুর্দান্ত হোল্ডের ওপর ভর করে মাত্র ৪ দিনেই ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৭৩ কোটি রুপি।

টি-সিরিজ ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন (শুক্রবার) ১৪ কোটি রুপি আয় করেছিল। এরপর শনি ও রবিবার যথাক্রমে ২২.৫০ কোটি ও ২৮ কোটি রুপি সংগ্রহের মাধ্যমে উইকেন্ডেই এটি বড় ধামাকা দেখায়। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বা ‘ভূত বাংলা’-র মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর তুলনায় ‘ধামাল ৪’ প্রথম সোমবারে অনেক বেশি স্থায়িত্ব প্রদর্শন করতে পেরেছে। উত্তর ভারতে চলমান বর্ষা ও গরমের ছুটির কারণে সিনেমাটি ভালোই সুবিধা পাচ্ছে।

ট্রেড অ্যানালিস্টদের মতে, সিনেমাটির বাজেট ও ব্যবসার ধরন অনুযায়ী আগামী বুধবারের বাজার ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। বুধবার যদি এটি ৭ কোটি রুপির বেশি সংগ্রহ করতে পারে, তবে বক্স অফিসে সিনেমাটি অফিশিয়ালি ‘ক্লিন হিট’ তকমা পেয়ে যাবে। এছাড়া আগামী তিন সপ্তাহ বক্স অফিসে বড় কোনো হিন্দি সিনেমার প্রতিযোগিতা না থাকায় ‘ধামাল ৪’ অনায়াসেই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।