বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিপাড়ায় আজ দিনভর এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী দুই বছরের জন্য নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে সকাল থেকেই ব্যালটের মাধ্যমে রায় দিচ্ছেন রূপালি পর্দার তারকারা। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি ছিল।

এবারের নির্বাচনে ২১ সদস্যের কমিটির জন্য মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে, তাঁদের টেক্কা দিতে আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল। আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন প্রবীণ চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। দুই প্যানেলের প্রার্থীরাই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। গত মেয়াদের দুই শীর্ষ নেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদে প্রার্থী হননি।

নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই কেন্দ্রে তারকাদের এক মিলনমেলা দেখা গেছে। জ্যেষ্ঠ তারকাদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরাও বেশ উৎসাহের সঙ্গে ভোট দিতে আসেন। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ তরুণ প্রজন্মের অনেক শিল্পী ভোট দিয়ে সহশিল্পীদের সঙ্গে আড্ডা ও শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন।

বিগত বছরগুলোর অভিজ্ঞতা মাথায় রেখে এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর পাশাপাশি এফডিসি প্রাঙ্গণে তৎপর রয়েছেন র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। তবে অতীতের মতো কাদা ছোড়াছুড়ি বা উত্তপ্ত পরিবেশ এবার লক্ষ্য করা যায়নি।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তাঁর সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন-পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।