দীর্ঘ ১২ বছরের বিরতির পর ফের পর্দায় জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। নতুন সিনেমা ‘দেশু ৭’-এর টিজার প্রকাশের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুরোনো স্মৃতি, বর্তমান সম্পর্ক ও শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তারা।
এর আগে ‘ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ বিরতির পর একসঙ্গে ফিরেছিলেন দেব-শুভশ্রী। সেই সিনেমায় দর্শকদের সাড়া দেখেই ফের শুভশ্রীর সঙ্গে কাজের কথা ভেবেছিলেন দেব।
আড্ডায় পুরোনো দিনের প্রসঙ্গও ওঠে। দেব জানান, শুভশ্রীর বিয়ের আগের দিনও তাদের কথা হয়েছিল, তবে আলোচনার বিষয় ছিল সিনেমা। শুভশ্রীও দেবের কাজের প্রতি তার আগ্রহের কথা জানান।
বর্তমান সম্পর্ক প্রসঙ্গে দেব বলেন, তাদের মধ্যে এখনো পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। দেখা হলে সৌজন্য বিনিময়ও করেন তারা। তবে বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।
নতুন সিনেমার শুটিংয়ের জন্য বাজেটের কারণে লাদাখের বদলে ব্যাংককে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত লাদাখেই শুটিং করেন দেব। দীর্ঘ ১২ বছর পর রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে শুরুতে কিছুটা অস্বস্তি হলেও পরে মানিয়ে নেন দুজন।
শুভশ্রীর বর্তমান পরিবর্তন নিয়ে দেব বলেন, তিনি এখন অনেক বেশি পরিণত এবং প্রতিকূল পরিস্থিতি সামলাতেও দক্ষ। এরপরই আবেগঘন কণ্ঠে দেব বলেন, ‘এই পরিণত বোধটা তখন থাকলে আমরা আলাদা হতাম না। তখন দু’জনেই সরল ছিলাম।’
দেবের এই মন্তব্যে কিছুটা আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। পরে হাসি-ঠাট্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে নেন দুজন।