টলিউড সুপারস্টার দেবের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল তাঁর বহুল আলোচিত প্রজেক্ট ‘দেশু ৭’-এর পরিচালকের নাম। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসছেন খোদ দেব নিজেই। শুক্রবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই বড় ঘোষণা দেন তিনি।
‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’-এর প্রযোজনায় নির্মিত এই ছবিতে দেব শুধু নায়ক বা প্রযোজক নন, থাকছেন চিত্রনাট্যকার হিসেবেও। পরিচালক হিসেবে আত্মপ্রকাশের নেপথ্যে রুক্মিণী মৈত্রর বড় ভূমিকা রয়েছে বলে জানান দেব। রুক্মিণীর পরামর্শেই তিনি এই চ্যালেঞ্জিং দায়িত্ব নিতে উৎসাহিত হয়েছেন।
পরিচালনা ও প্রযোজনা একসঙ্গে সামলানো প্রসঙ্গে দেব বলেন:
“নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমি। চাপ নয়, এটা আমার কাছে বড় দায়িত্ব। ‘দেশু’ ব্র্যান্ডটাকে সামলানোই একটা বড় ব্যাপার, এটা মোটেই সহজ বিষয় নয়।”
এই ছবির অন্যতম বড় চমক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতি। অনির্বাণকে কাস্ট করা নিয়ে দেবের মন্তব্য:
“আমার ছবিতে অনির্বাণকে প্রয়োজন ছিল। কাউকে দেখানোর জন্য বা আমি কত বড় ক্ষমতাশীল, সে সব দেখানোর জন্য ওকে নিইনি।”
জানা গেছে, ‘দেশু ৭’ একটি বিশাল কর্মযজ্ঞ হতে চলেছে। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা ৫০ দিন চলবে শুটিং, যেখানে কাজ করবেন প্রায় ১০ হাজার টেকনিশিয়ান। সব কিছু ঠিক থাকলে আগামী দুর্গা পূজাতে বড় পর্দায় মুক্তি পাবে দেবের এই স্বপ্নের প্রজেক্ট।