দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের পরিবারে এসেছে নতুন অতিথি, জন্ম নিয়েছে কন্যাসন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি জানিয়েছেন দীপিকা। খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করেছেন দীপিকা। সেই ছবিতে লেখা রয়েছে, ‘কন্যাসন্তানকে স্বাগতম।’ এর মধ্য দিয়ে দ্বিতীয় সন্তানের জন্মের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই পোস্টে তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে দেখা গিয়েছিল গর্ভধারণ পরীক্ষার ফল। একই পোস্টে তারা জানিয়েছিলেন, তাদের পরিবারে আসছে নতুন অতিথি।
সম্প্রতি দুয়ার জন্মদিন ঘিরেও আবেগঘন একটি ছবি প্রকাশ করেছিলেন তারকা দম্পতি। সেখানে রণবীর ও দুয়ার সঙ্গে দেখা গিয়েছিল দীপিকাকে। ছবিতে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও স্পষ্ট ছিল।
ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরো বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ!’
অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। প্রথম সন্তান দুয়ার পর এবার তাদের পরিবারে এলো আরও এক কন্যাসন্তান। নতুন সদস্যের আগমনে দীপিকা ও রণবীরের পরিবারে যোগ হয়েছে নতুন আনন্দ।