দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়ে সুখবরটি জানিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে কিয়ারা, সিদ্ধার্থ ও তাদের মেয়ে সারায়াহর হাতের সঙ্গে দেখা যায় ছোট্ট একজোড়া ক্রোশিয়ার শিশুর মোজা। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’
সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। করণ জোহর, আথিয়া শেঠি, ভূমি পেডনেকর, মানীশ মালহোত্রাসহ বলিউডের অনেক তারকাই তাদের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। এর আগে ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের শুরু। ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান, মেয়ে সারায়াহর জন্ম হয়। ওই বছরের ফেব্রুয়ারিতেই প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন তারা।
প্রথম সন্তানের সুখবরের মতো এবারও অভিনব কোনো আয়োজন নয়, বরং ছোট্ট একজোড়া শিশুর মোজার ছবি দিয়েই নতুন অতিথি আসার খবর জানিয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখতে পছন্দ করা এই দম্পতির এমন সরল ঘোষণায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।