বলিউডে ভালোবাসার নতুন এক ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল ২’। প্রেক্ষাগৃহে সিনেমাটির অফিশিয়াল মুক্তি পেতে আর মাত্র একটা দিন বাকি। তবে রূপালি পর্দায় আসার আগেই বক্স অফিসে রীতিমতো রাজত্ব শুরু করে দিয়েছে এই রোম্যান্টিক ড্রামা সিক্যুয়েল। ছবিটির অগ্রিম বুকিংয়ের চোখ ধাঁধানো পরিসংখ্যান দেখে প্রযোজক থেকে শুরু করে হল মালিক সবার মুখেই এখন চওড়া হাসি।
ট্রেড অ্যানালাইসিস ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সবশেষ আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যেই সিনেমাটির ৭১ হাজারেরও বেশি টিকিট অ্যাডভান্সড বুকড হয়ে গেছে। সংরক্ষিত আসন (ব্লক সিট) বাদ দিলেও শুধুমাত্র টিকিট বিক্রি থেকেই ‘ককটেল ২’ ছবিটির ঝুলিতে এসেছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর যদি ব্লক সিটসহ পুরো হিসাবটা ধরা হয়, তবে মুক্তির আগেই এই আয়ের অঙ্ক এক লাফে পৌঁছে গেছে ৪ কোটি ৬৬ লাখ রুপিতে! হল-সংশ্লিষ্ট ও সিনেমা বিশেষজ্ঞদের মতে, ওপেনিং ডে-র আগেই টিকিট বিক্রির এই জোয়ার ইঙ্গিত দিচ্ছে যে, বক্স অফিসে বড় কোনো রেকর্ড ভাঙতে চলেছে সিনেমাটি।
পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, ভারতের অন্য সব অঞ্চলের চেয়ে ‘ককটেল ২’ নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি চলছে দিল্লি-এনসিআর এলাকায়। শুধু এই এক অঞ্চল থেকেই অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ৯৬ লাখ রুপির। এর ঠিক পরেই রয়েছে বলিউডের ঘরের মাঠ মুম্বই, যেখান থেকে বুকিং এসেছে প্রায় ৬৪ লাখ রুপি।
মনে করিয়ে দেওয়া ভালো, ২০১২ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ককটেল’। সেই সময় সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির চমৎকার রসায়ন দর্শকদের মন কেড়ে নিয়েছিল, যা বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। দীর্ঘ এক যুগ পর নির্মিত এই সিক্যুয়েলে অবশ্য বড়সড় এক চমক রাখা হয়েছে। এবার পুরনো কাস্ট বদলে একদম নতুন ট্রায়ো নিয়ে হাজির হচ্ছেন পরিচালক। সাইফ-দীপিকাদের জায়গায় এবার রূপালি পর্দা মাতাতে স্ক্রিন শেয়ার করবেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি স্যানন। এখন দেখার বিষয়, নতুন এই ত্রয়ী দর্শকদের ঠিক কতটা মুগ্ধ করতে পারে!