সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সিন্ডি রোলিং। এবার দীর্ঘ বিরতির পর আবারও আইটেম গান নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। পরিচালক ওয়ালিদ আহমেদের ‘জীবনের খেলা’সহ দুটি নতুন সিনেমার আইটেম গানে পারফর্ম করবেন এই অভিনেত্রী।

শুধু পারফরম্যান্সই নয়, দুটি আইটেম গানের পোশাকও নিজেই ডিজাইন করছেন সিন্ডি। তার দাবি, নতুন এই দুটি গানে দর্শকরা তাকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন।

নতুন কাজ প্রসঙ্গে সিন্ডি বলেন, ‘শাকিব খান ও আরিফিন শুভর সঙ্গে কাজ করলেও “জীবনের খেলা” সিনেমার মাধ্যমে প্রথমবার সজলের সঙ্গে কাজ করছি। পরিচালক ওয়ালিদ আহমেদ আমার ওপর আস্থা রেখেছেন, এজন্য আমি আনন্দিত। আমার প্রায় সব সিনেমাতেই স্টাইলিংয়ের বিষয়ে টিমের সঙ্গে কাজ করেছি এবং অবদান রাখার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘“কমন জেন্ডার” ও “চোরাবালি” সিনেমায় আমি নিজেই কোরিওগ্রাফি করেছি। এবারও আইটেম গানে নতুন কিছু উপহার দিতে চাই। “মাসুদ রানা” সিনেমায় অভিনয়ের জন্য যেমন দর্শকদের ভালোবাসা পেয়েছি, তেমনি “মেঘের কপাট”, “সুপারহিরো”, “কমন জেন্ডার”, “চোরাবালি” ও “কিস্তিমাত”-এর কাজের জন্যও দর্শকদের ভালোবাসা পেয়েছি। তাই এবার আরও বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছি।’

সিন্ডির প্রত্যাশা, ‘জীবনের খেলা’ এবং আরেকটি নতুন সিনেমার আইটেম গানে দর্শক তাকে একেবারে নতুন লুকে দেখতে পাবেন।

উল্লেখ্য, নোমান রবিন পরিচালিত ‘কমন জেন্ডার’ সিনেমার আইটেম গানের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সিন্ডি রোলিংয়ের। পরে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ এবং আরিফিন শুভ অভিনীত ‘কিস্তিমাত’ সিনেমার আইটেম গানেও নজর কাড়েন তিনি।

অভিনয়েও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। ‘কমন জেন্ডার’ সিনেমাটি গোল্ডেন গ্লোব ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়। এছাড়া ২০২৪ সালে নিউইয়র্কের সুচিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মেঘের কপাট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন সিন্ডি রোলিং।