সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। তাঁর ভ্লগ সিরিজের নতুন একটি পর্বে আলোচনার বিষয় ছিল প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে। ভিডিওতে খালেদা জিয়ার পরিচিত সাজ ও উপস্থিতি ধারণ করে ক্যামেরার সামনে আসেন চমক। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে ভিডিওটি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের এই পর্বের ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প, যিনি ‘গণতন্ত্রের মা’ এবং দেশের রাজনৈতিক ইতিহাসের ‘আপসহীন নেত্রী’।
ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ধারণ করা ভিডিওটিতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তাঁর সাজ ও উপস্থিতিতে খালেদা জিয়ার পরিচিত লুকের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাঁকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। আবার কারও মতে, ভিডিওটি দেখার সময় মুহূর্তের জন্য মনে হয়েছে যেন সত্যিই খালেদা জিয়াকে দেখা যাচ্ছে।
এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।