ঈদের পাশাপাশি দুর্গাপূজাকেও সিনেমা মুক্তির অন্যতম বড় উৎসব হিসেবে বেছে নিচ্ছেন নির্মাতা ও প্রযোজকেরা। এবার পূজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’।
চলচ্চিত্রটির নির্মাতা মুনতাসীর আকিব জানান, গতকাল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে ‘চিরকুট’। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সিনেপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। পরিবার নিয়ে সব শ্রেণির দর্শক সিনেমাটি দেখতে পারবেন বলেও জানান নির্মাতা।
এদিকে বুধবার প্রকাশ পেয়েছে সিনেমাটির রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’। রেহান রাসুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন পুলক অনিল। সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাতুল হাসান শান্ত। নব্বই দশকের প্রেম, আবহ ও নস্টালজিয়াকে ধারণ করে নির্মিত গানটির ভিডিওতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আজিজুন মীম।
প্রকাশের পর গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। গানটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, ‘সিনেমার গানের ক্ষেত্রে আমি বরাবরই সচেতন। “প্রেমে গেলাম ডুবে” চমৎকার কথা ও সুরের একটি রোমান্টিক গান। নিজের গাওয়া গানটি যতবার শুনছি, ততই মুগ্ধ হচ্ছি। আশা করি, গানটি আমার ভক্তদের প্লেলিস্টে জায়গা করে নেবে।’
গীতিকার পুলক অনিল বলেন, নব্বই দশকের প্রেক্ষাপটে নির্মিত গল্পের জন্য বর্তমান সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখে গান লেখা তার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে গানটি সম্পূর্ণ হওয়ার পর থেকেই তিনি গানটির প্রতি মুগ্ধ হয়েছেন।
নির্মাতা মুনতাসীর আকিব বলেন, ‘চিরকুট’ সিনেমার প্রতিটি গানই যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি গানেই ভিন্নতা রয়েছে। দর্শক-শ্রোতাদের কাছে গানগুলো ভালো লাগবে এবং সবার কণ্ঠে জায়গা করে নেবে বলে আশাবাদী তিনি।