ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলমের ঘরে এলো নতুন অতিথি। আবারও পুত্রসন্তানের বাবা হয়েছেন এই অভিনেতা। বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাফরুল হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতালে তার স্ত্রী তুলতুল ইসলাম একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। সংবাদমাধ্যমকে খবরটি চাষী আলম নিজেই নিশ্চিত করেছেন।

দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার অনুভূতি জানিয়ে চাষী আলম বলেন, “বুধবার রাতে আমার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নবজাতক এবং মা দু’জনই বর্তমানে সুস্থ আছেন। আমাদের নতুন অতিথির জন্য সবাই দোয়া করবেন।”

এখনো নবজাতকের কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করলেও, খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত, অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা।

এর আগে, ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবারের মতো বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন চাষী আলম। সেবারও তাদের ঘর আলো করে এসেছিল এক পুত্রসন্তান। ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে ঢাকার মেয়ে তুলতুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দাম্পত্য জীবনের তিন বছরের মাথায় এবার দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।

উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর মারজুক রাসেলের সঙ্গে তার একাধিক নাটক দর্শক মহলে ব্যাপক আলোচিত হয়। তার অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছিল। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদেও বেশ কিছু নাটক ও ওটিটি কনটেন্টে দেখা যাবে দর্শকপ্রিয় এই অভিনেতাকে।