আসন্ন পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে চা গরম চরকি অরিজিনাল একটি ভিন্নধর্মী ফিল্ম। ৫ এপ্রিল প্রকাশিত অফিসিয়াল পোস্টারেই স্পষ্ট হয়েছে, গল্পের কেন্দ্রে রয়েছে চা এবং চা বাগানের মানুষদের জীবন।

ফিল্মটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, বাংলাদেশের সিনেমায় চা বাগানকে সাধারণত শুধু একটি সুন্দর ব্যাকড্রপ হিসেবেই ব্যবহার করা হয়। কিন্তু ‘চা গরম’ এ সেই প্রচলিত ধারণা ভেঙে চা বাগানের ভেতরের বাস্তব জীবন তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নির্মাতার ভাষায়, “আমরা শুধু সৌন্দর্য দেখাইনি, চা বাগানের ভেতরে ঢুকে শ্রমিকদের জীবনটা বোঝার চেষ্টা করেছি।” এই কাজের জন্য চা বাগানে দীর্ঘ সময় কাটিয়ে তিনি বুঝতে পেরেছেন এই জীবন সম্পর্কে সাধারণ মানুষের মতো তার নিজেরও অনেক অজানা ছিল। সেই জানা-অজানার গল্পই উঠে আসবে এই ফিল্মে, যা দর্শকদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে।

‘চা গরম’ এ অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ এবং সারাহ জাবিন অদিতি। তরুণ এই শিল্পীদের নিয়েই গল্পটি সাজিয়েছেন নির্মাতা।

সাফা কবির বলেন, শক্তিশালী গল্প এবং নির্মাতার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিই তাকে এই কাজের প্রতি আকৃষ্ট করেছে। তার মতে, এই ফিল্মে সমাজের এমন একটি দিক উঠে এসেছে, যা আমাদের খুব কাছের হলেও অনেক সময় চোখ এড়িয়ে যায়। অন্যদিকে, রেজওয়ান পারভেজ জানান, নির্মাতার কাজের প্রতি আগ্রহ থেকেই যুক্ত হয়েছেন তিনি, আর নিজের চরিত্রটিও তার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে।

ফিল্মটি সহ-প্রযোজনা করেছে অক্সফাম এবং রবি নিবেদিত। রেদওয়ান রনি, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা, জানান বৈশাখ যেমন নতুনের বার্তা নিয়ে আসে, তেমনি ‘চা গরম’ও দর্শকের মধ্যে ইতিবাচক চিন্তা ও নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা জাগাতে চায়।

আগামী ১৪ এপ্রিল বৈশাখ উপলক্ষে চরকিতে মুক্তি পাবে ‘চা গরম’। টিজার বা ট্রেলার প্রকাশের মাধ্যমে খুব শিগগিরই ফিল্মটির চরিত্র ও গল্প নিয়ে দর্শকদের কৌতূহল আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন নির্মাতা।