মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি তাঁকে। এমনকি সাম্প্রতিক ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও প্রচারণা ও জনসমক্ষে উপস্থিতি থেকে দূরেই ছিলেন এই অভিনেত্রী।

তবে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বুবলী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরবেন তিনি। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন।

সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ। পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রে দুই ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের তরুণ-তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হবে।

নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বুবলীর সঙ্গে ইতোমধ্যে তাঁর আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে কথা দিয়েছেন।’

চরিত্রের প্রয়োজনে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের ভূমিকায়। অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর চরিত্রে। সিনেমার বিশেষ কিছু দৃশ্যে তাঁদের উর্দু ভাষায় সংলাপ বলতেও দেখা যাবে।

নির্মাতা জানান, বর্তমানে বুবলী সন্তান ও নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তাই তাঁর অংশের শুটিং শুরুর আগে সিনেমার অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’

নামের কারণে ‘ঢাকাইয়া দেবদাস’কে বাণিজ্যিক ধাঁচের সিনেমা মনে হলেও নির্মাতার পরিকল্পনা ভিন্ন। তাঁর ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্রটি মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে দেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

দীর্ঘ বিরতির পর বুবলীর অভিনয়ে ফেরা তাঁর ভক্তদের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে। এখন অপেক্ষা, নতুন এই চরিত্রে দর্শকদের সামনে কেমনভাবে হাজির হন জনপ্রিয় এই অভিনেত্রী।