নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা আর দেশের একঝাঁক শীর্ষ তারকাকে নিয়ে জমকালো আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এবারের ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। গীতিকার কবির বকুলের চমৎকার পরিকল্পনায় এবারের অনুষ্ঠানটির উপস্থাপনায় বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বরাবরের মতোই পবিত্র ঈদুল আজহার দিন রাত ১০টার খবরের পর বিটিভিতে একযোগে প্রচারিত হবে বিশেষ এই আয়োজন।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের আনন্দমেলার অন্যতম মূল আকর্ষণ উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে তাঁর কালজয়ী গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ নতুনভাবে পর্দায় উপস্থাপন করা হবে। অন্যদিকে, কিংবদন্তি আশা ভোসলের স্মরণে তাঁর গাওয়া বহুল সমাদৃত গান ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই বিশেষ পরিবেশনাটির সঙ্গে নাচে অংশ নিয়েছেন নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী এবং শাওন।

অনুষ্ঠানে আরও থাকছেন পপ সংগীতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ। তাঁর আশির দশকের জনপ্রিয় গান ‘এমন একটা মা দে না’ তিনি এবার নতুন আঙ্গিকে গেয়েছেন। পাশাপাশি ঈদের নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। কবির বকুলের কথায় গানটির মেলোডি দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

নাচের পর্বেও থাকছে চাঁদের হাট। ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে একক নৃত্য পরিবেশন করবেন এভারগ্রিন মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘দূর দ্বীপবাসিনী’র তালে একসঙ্গে মঞ্চ কাঁপাবেন বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। এই আকর্ষণীয় নাচগুলোর কোরিওগ্রাফি ও পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার ও তাঁর দল ‘নৃত্যভূমি’।

দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ আকর্ষণীয় পর্বে উপস্থিত থাকবেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমনি। পাশাপাশি বিনোদন জগতের একঝাঁক তারকাকে নিয়ে থাকবে একটি জমজমাট কুইজ শো। এতে অংশ নিয়েছেন ফারহান আহমেদ জোভান, খায়রুল বাশার, কেয়া পায়েল, জেফার রহমান, আতিয়া আনিসা ও ফররুখ আহমেদ রেহান।

ঈদের হাসির খোরাক জোগাতে একটি বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন জনপ্রিয় কৌতুকশিল্পী আবু হেনা রনি। এ ছাড়া দর্শক হাসাতে নাট্যাংশে থাকছেন শক্তিমান অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। পাশাপাশি ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে দেখা যাবে অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওনকে।

গান, নৃত্য, কৌতুক, কুইজ ও একঝাঁক মেগাস্টারদের ভিন্নধর্মী এই মেলবন্ধন এবারের ঈদ আয়োজনে দর্শকদের ঘরের সোফায় ধরে রাখবে বলে বিশ্বাস বিটিভি কর্তৃপক্ষের। বিশেষ এই অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।