পবিত্র ঈদুল ফিতরে আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৪ মে থেকে ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই এ মুক্তি পাচ্ছে ছবিটি। সিনেমার স্ট্রিমিং পার্টনার ও সহ-প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছে এই প্ল্যাটফর্ম।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পরই ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। ফলে যারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি, তাদের জন্য এবার তৈরি হচ্ছে নতুন সুযোগ। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলবে।
নির্মাতা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের আলোচনায় রয়েছে।
ঈদে মুক্তির পর বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে ছবিটি। বাংলাদেশে সিনেমাটির আয় ইতোমধ্যে ১৪ কোটির টাকার বেশি বলে জানা গেছে। বিদেশের বাজারসহ মোট আয় ছাড়িয়েছে ২০ কোটি টাকা। এমনকি গত শুক্রবারও মাল্টিপ্লেক্সগুলো থেকে সিনেমাটি প্রায় ২৪ লাখ টাকা আয় করেছে, যা এর জনপ্রিয়তারই প্রমাণ।
সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক জনপ্রিয় তারকা। প্রধান চরিত্রে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার এবং আরেফিন জিলানী।
প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ওটিটিতেও ‘বনলতা এক্সপ্রেস’ কতটা দর্শকপ্রিয়তা পায়, সেদিকেই নজর থাকছে সিনেমাপ্রেমীদের।