ঈদে প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা তানিম নূর-এর নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত এই ছবির দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজসাবিলা নূর। সম্প্রতি তারা হাজির হয়েছিলেন রাফসান সাবাব এর সঞ্চালনায় জনপ্রিয় অনুষ্ঠান What a Show-এ, যেখানে ছবিটি নিয়ে নানা অভিজ্ঞতা ভাগ করে নেন এই দুই তারকা।

অনুষ্ঠানের একপর্যায়ে ব্যক্তিগত জীবনের ট্রেন ভ্রমণ নিয়ে প্রশ্ন করা হলে শরীফুল রাজ জানান, ছবির কিছু ঘটনার সঙ্গে তার নিজের জীবনেরও মিল রয়েছে। তিনি বলেন, ছাত্রজীবনে পকেটমানি বাঁচাতে এক-দুইবার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন। তখন টিটি এলে বাথরুমে লুকিয়ে পড়ার অভিজ্ঞতাও হয়েছে তার। রাজ জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছিল।

আড্ডার ফাঁকে সহশিল্পী সাবিলা নূরের প্রশংসাও করেন রাজ। তার ভাষায়, “সে দারুণ অভিনেত্রী। শুটিংয়ে সাবিলা নূর থাকলে সেট জমে যায়, আলাদা করে আর কিছু লাগে না।”

ছবিতে ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তিনি জানান, সিনেমার জন্য এফডিসিতে সেট তৈরি করে দুটি ট্রেন বানানো হয়েছিল, যেখানে বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। তার মতে, সেটটি এতটাই বাস্তবসম্মত ছিল যে অনেক সময় মনে হয়েছে সত্যিকারের ট্রেনেই শুটিং চলছে।

সাবিলা বলেন, সেট তৈরিতে প্রায় দেড় মাস সময় লেগেছে। শুটিং চলাকালীন ট্রেনের মতো দুলুনি অনুভব করা যেত, এমনকি বাসায় ফিরে মেকআপ তুলতে গিয়েও সেই দুলুনির অনুভূতি থাকত। তিনি শিল্পনির্দেশক রাজীনের কাজেরও প্রশংসা করেন। সাবিলার মতে, সেটটি এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে এক মুহূর্তের জন্যও মনে হয়নি এটি কৃত্রিম। পরে যখন আসল ট্রেনে শুটিং করতে গিয়েছেন, তখন বরং সেটের অভিজ্ঞতাই বেশি ভালো লেগেছে বলে জানান তিনি।

তারকাবহুল এই সিনেমায় শরীফুল রাজ ও সাবিলা নূর ছাড়াও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মমশ্যামল মাওলাসহ আরও অনেকে।