দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো আসরে বিজয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি বিশেষ ছবি এখন নেটদুনিয়ায় রীতিমতো ‘টক অফ দ্য টাউন’।
ট্রফি জড়িয়ে রাজকীয় ঘুম বিজয় নিশ্চিত হওয়ার পর নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন বর্ণিতা। ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের বিছানায় রাজকীয় সাজে গভীরভাবে ঘুমিয়ে আছেন তিনি। তবে নজর কেড়েছে তাঁর বুকের কাছে পরম মমতায় জড়িয়ে ধরা সেই কাঙ্ক্ষিত ‘লাক্স সুপারস্টার’ ট্রফিটি। ছবির ক্যাপশনে বর্ণিতা তাঁর অনুভূতির কথা জানিয়ে লিখেছেন, “এখনো এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, যা থেকে আমি জেগে উঠতে চাই না। এই বিশাল সম্মান আমি প্রতি মুহূর্তে হৃদয়ের কাছে আগলে রাখছি। এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।”
পুরস্কার ও আগামীর পথচলা গ্র্যান্ড ফিনালের সেই মাহেন্দ্রক্ষণে বর্ণিতার হাতে ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সাত বছর পর আয়োজিত এই আসরে প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
লক্ষাধিক আবেদনকারীর দীর্ঘ লড়াই পেরিয়ে আসা বর্ণিতা এখন দেশের নতুন ‘গ্ল্যামার কন্যা’। ভক্তদের ভালোবাসায় সিক্ত এই তারকা জানিয়েছেন, এই খেতাবের মর্যাদা ও দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতে চান। রায়হান রাফীর সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়াসহ বর্ণিতার সামনে এখন শোবিজের এক বিশাল আকাশ।