ভারতের উত্তরপ্রদেশে ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। সিনেমার একটি দৃশ্যের শুটিং চলাকালে তাঁর পোশাকে আগুন ছড়িয়ে পড়ে। তবে সেটে থাকা ইউনিটের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় অক্ষত অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় তাঁকে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির একটি দৃশ্যে আগুন ব্যবহারের প্রয়োজন ছিল। চিত্রনাট্য অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা। দৃশ্যধারণের সময় হঠাৎ বাতাস বেড়ে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত অভিনেত্রীর পোশাকে ছড়িয়ে পড়ে।
ঘটনা দেখে সেটে উপস্থিত কলাকুশলীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময় নষ্ট না করে শুটিং ইউনিটের কর্মীরা দ্রুত সঞ্জনার দিকে এগিয়ে যান এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং নিরাপদে সরিয়ে নেওয়া হয় অভিনেত্রীকে।
এ ঘটনায় সঞ্জনা পাণ্ডে কিংবা অন্য কোনো কলাকুশলী আহত হননি। পরে নিজের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেন অভিনেত্রী।
সঞ্জনা জানান, সিনেমার গল্প ও চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে পুরো টিম নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সিনেমাটি মুক্তির পর দর্শক গল্পের উপস্থাপন ও অভিনয় উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি সিনেমা। এতে সঞ্জনা পাণ্ডের সঙ্গে অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।