'ভয়েস অব বাংলাদেশ'-এ চ্যাম্পিয়ন হয়ে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য 'ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া'র মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বিটবক্সিং ব্যান্ড 'বিটমোস্ফিয়ার'।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর এশিয়া পর্ব। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ জিতে নিয়েছে বিটবক্সিংভিত্তিক অ্যাকাপেলা গানের দল ‘বিটমোস্ফিয়ার’। ‘ভয়েস অব বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র মূল মঞ্চে লড়াইয়ের টিকিট পেল দলটি।
প্রতিবেদনে জানানো হয়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এক জমকালো আয়োজনের মাধ্যমে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে ‘তুমি এলে’ গানটি পরিবেশন করে সেরা স্থান দখল করে নেয় বিটমোস্ফিয়ার। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আয়োজনকারী প্রতিষ্ঠান বঙ্গ-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহাদ মোহাম্মদ, সিইও ফায়াজ তাহের এবং এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন।
চূড়ান্ত পর্বে সেরা ১০টি দল ও প্রতিযোগী অংশ নিয়েছিল। বিটমোস্ফিয়ার ছাড়াও রানার্সআপ লড়াইয়ে ছিল কৃষাণ বর্মণ, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনাজীর জিলানী, শরৎ, নুসরাত জাহান কৃতি, ভিন্টেজ থিওরি ও দ্য কুশিয়ারা ওয়েভস। তাহসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ফাইনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, হামিন আহমেদ, আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। আগামী ১৪ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত হবে ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র গ্র্যান্ড ফিনালে, যেখানে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে বিটমোস্ফিয়ার।