চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয় এবং অধিনায়ক লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আফ্রিকার নবাগত দল কেপ ভার্দে। মাঠের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে দলটি। আর্জেন্টিনার এই রোমাঞ্চকর জয় এবং কেপ ভার্দের লড়াকু ফুটবল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা।

দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক তান্ত্রিকের কথা, যিনি আগে থেকেই আর্জেন্টিনার হারের পূর্বাভাস দিয়েছিলেন, তা নিয়ে ফেসবুকে খোঁচা দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। আর্জেন্টিনার জয়ের পর তিনি লেখেন, “পাউডার তান্ত্রিকের তন্ত্রমন্ত্র কাজ করেনি! পাউডারে ফুঁ দেওয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না, প্রতারিত হবেন না। আর ফাইনাল দেখা লাগবে? কি দারুণ একটা লড়াই হলো! কেপ ভার্দের জন্য আফসোস হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে না হলে তন্ত্রমন্ত্র পড়ে কেপ ভার্দেকে রেখে দিতাম। চাইতাম বাকি সেলিব্রিটি দলগুলো একবার করে তাদের মুখোমুখি হোক। দুর্দান্ত কেপ ভার্দে! শুভকামনা তোমাদের জন্য। অভিনন্দন আর্জেন্টিনা।”

আর্জেন্টিনার কট্টর সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ ম্যাচের টানটান উত্তেজনা ও মেসির গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “কোনো কথা হবে না, স্যালুট কেপ ভার্দে। তারপর বলো, পেনাল্টি থেকে মেসির এই গোলটা কেমন লাগলে।”

অন্যদিকে, খেলা শেষে নিজের উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার। তিনি লিখেছেন, “এই রকম শ্বাসরুদ্ধকর ম্যাচ নেওয়া যায় না। শেষ দিকে বীর কেপ ভার্দের আক্রমণে ছন্নছাড়া আর্জেন্টিনাকে দেখে কান্না পাচ্ছিল। ভাগ্য সুপ্রসন্ন বলে আর্জেন্টিনার জয়।”

ম্যাচের এই তীব্র উত্তেজনা ছুঁয়ে গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকেও। খেলা দেখার পর নিজের অনুভূতি প্রকাশ করে এক রসাত্মক স্ট্যাটাসে তৌসিফ লেখেন, “আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।”

তারকাদের এই ভিড়ে ব্যতিক্রমী এক পোস্ট দিয়ে নজর কেড়েছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজে ব্রাজিলের সমর্থক হওয়া সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে কিছুটা মজার ছলে হিমি লিখেছেন, “আর্জেন্টিনার জন্য শুভকামনা! ফিফা যাতে তাদের খেলাটা সহজ করে দেয়। বেশি বেশি ফ্রি-কিক আর পেনাল্টি দেয়।” তবে আর্জেন্টিনা যে ম্যাচে কতটা কঠিন চাপের মুখে পড়েছিল, তা হিমির পোস্টের কমেন্ট বক্সে মনে করিয়ে দিয়েছেন ফুটবলপ্রেমী ভক্তরা।