ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে মাঠ মাতিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও তাঁর সতীর্থদের এই টানা জয়ে যেমন নকআউট পর্ব নিশ্চিত হয়েছে, তেমনি উল্লাসে ভেসেছে পুরো ফুটবল বিশ্ব। আর আর্জেন্টিনার এমন জাদুকরী পারফরম্যান্সে ঢালিউডের শোবিজ তারকারাও নিজেদের উচ্ছ্বাস আর আবেগ ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রূপালী পর্দার একঝাঁক তারকা তাঁদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন।
আর্জেন্টিনার এই জয়ে বরাবরের মতোই বেশ চনমনে মেজাজে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ম্যাচ শেষে লিওনেল মেসির একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মজার ছলে লেখেন, “পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?” অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুবও মেসির ফ্রি-কিকের অনিন্দ্য সুন্দর গোলের প্রশংসায় মেতেছেন। প্রিয় মহাতারকার ছবি পোস্ট করে তৌসিফ লিখেছেন, “সে কখনো হতাশ করে না।”
আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ও অভিনেতা ইরফান সাজ্জাদ মাঠে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে নিন্দুকদের খোঁচা দিতে ছাড়েননি। কিছুটা ব্যঙ্গাত্মক সুরে তিনি ফেসবুকে লেখেন, “লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেকে ফিফা ফ্রি-কিক দেওয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি-কিকে পেনাল্টি থেকে ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!” প্রায় একই সুরে আর্জেন্টিনার আরেক ভক্ত ও অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওনও নিন্দুকদের ট্রল করে লিখেছেন, “আচ্ছা যাও, তোমরা যা বলবা, তা-ই। আর্জেন্টিনা ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি-কিক কেনে... এখন রাজুতে গিয়া আন্দোলন কর, বয়কট ফিফা।” তবে শাওন জর্ডানের চমৎকার খেলার এবং তাদের খেলোয়াড় আল তামারির সান্ত্বনাসূচক গোলটির প্রশংসা করতে ভুলেননি।
প্রিয় দলের খেলা সরাসরি গ্যালারিতে বসে দেখতে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। স্টেডিয়ামের আবহ থেকে জয়ের আনন্দ প্রকাশ করে তিনি লেখেন, “ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।” অন্যদিকে, তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে ভিক্টোরি সাইন দেওয়া একটি ছবি পোস্ট করে লিখেছেন, “শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।”
তবে শুধু আর্জেন্টিনার সমর্থকেরাই নন, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থক হয়েও সুন্দর ফুটবলের প্রশংসা করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি শেয়ার করে সজল লেখেন, “আমি ব্রাজিল সাপোর্টার। কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন।” তারকাদের এমন ফুটবলপ্রেম আর পারস্পরিক সৌহার্দ্যরে বহিঃপ্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে।