বাংলাদেশ ফিল্ম আর্কাইভ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিজস্ব ভবনে সোনালী অতীতের ক্ল্যাসিক চলচ্চিত্রগুলো আবারও বড় পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মাসব্যাপী বিশেষ প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে এই সুযোগ পাবেন।
২ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে হারুনর রশীদ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র 'মেঘের অনেক রং'। ৯ এপ্রিল দেখানো হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা 'দিন যায় কথা থাকে'। ১৬ এপ্রিল প্রদর্শিত হবে শাহ আলম কিরন পরিচালিত সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমা 'আনন্দ অশ্রু'। ২৩ এপ্রিল দর্শকরা দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদাকালো ছবি 'দোস্ত দুশমন'। সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র 'নসিব'।