‘বালিকা বধু’ ধারাবাহিকের ‘আনন্দী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী অবিকা গৌর এখন অভিনয়জীবনের নতুন অধ্যায়ে আরও সচেতনভাবে এগোতে চান। দীর্ঘদিনের জনপ্রিয়তার পর তিনি জানিয়েছেন, কেবল পর্দায় উপস্থিত থাকার চেয়ে এমন চরিত্রে অভিনয় করাই তার লক্ষ্য, যেখানে একজন অভিনেত্রী হিসেবে নিজের সক্ষমতা ও পারফরম্যান্স তুলে ধরার সুযোগ থাকে।
স্টান্টভিত্তিক রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১৫’-এর শুটিং চলাকালে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অবিকা বলেন, দর্শকেরা তার কাছ থেকে ভালো অভিনয় প্রত্যাশা করেন এবং সেই প্রত্যাশা পূরণ করাই তার প্রধান লক্ষ্য। তিনি জানান, চিত্রনাট্য ও চরিত্র নির্বাচনের ক্ষেত্রে তিনি সবসময় সতর্ক থাকেন। এমন কোনো চরিত্রে অভিনয় করতে চান না, যেখানে তাকে শুধুমাত্র উপস্থিতির জন্য রাখা হবে। বরং এমন চরিত্রই তার পছন্দ, যেখানে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ থাকবে।
‘খাতরোঁ কে খিলাড়ি ১৫’-এ অংশ নেওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন অবিকা। তার মতে, শোটি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন হলেও আগের অংশগ্রহণের অভিজ্ঞতা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, ২০১৯ সালে প্রচারিত নবম সিজনে যেসব স্টান্ট করতে হয়েছিল, সেগুলো তার কাছে অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছিল। সেই তুলনায় এবারের স্টান্টগুলো তাকে এতটা ভীত করেনি যে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবতে হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অবিকা জানান, আগামী ৭ আগস্ট তার একটি পাঞ্জাবি মিউজিক ভিডিও মুক্তি পাবে। পাশাপাশি তিনি টেলিভিশনে ফেরারও ইঙ্গিত দিয়েছেন। যদিও নতুন প্রকল্প নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী। তার ভাষায়, সঠিক সময় এলে সবকিছুই দর্শকদের জানানো হবে।
উল্লেখ্য, পরিচালক রোহিত শেঠি সঞ্চালিত ‘খাতরোঁ কে খিলাড়ি ১৫’ বর্তমানে কালার্স টিভি এবং জিওহটস্টারে সম্প্রচারিত হচ্ছে। নতুন এই সিজনে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন অবিকা গৌর।