লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে দেখা গেছে বলিউড মেগাস্টার শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান-কে। একটি ক্যাসিনো থেকে বের হওয়ার সময় তাঁর ঠিক পাশে দেখা যায় ওই তরুণীকে। পরবর্তীতে নেটিজেনরা তাঁকে ডেনমার্কের গায়িকা ও গীতিকার ভিনি তাকাইর বলে শনাক্ত করেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরিয়ান খানের নতুন প্রেম নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কালো টি-শার্ট, কালো ট্রাউজার ও সাদা স্নিকার্স পরে ক্যাসিনো থেকে বেরিয়ে আসছেন আরিয়ান। তাঁর সঙ্গেই পুরোপুরি কালো পোশাকে হাঁটছিলেন ভিনি। ক্যাসিনোর বাইরে এক ভক্তের অনুরোধে আরিয়ান সেলফিও তোলেন, এরপর দুজন একই গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ভিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লন্ডন ভ্রমণের কিছু ছবি পোস্ট করেন, যা নেটিজেনদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে জানা যায়, আরিয়ান ও ভিনি সামাজিক মাধ্যমে একে অপরকে অনুসরণ করেন এবং তাঁদের পরিচিত বন্ধুদের পরিধিও বেশ কাছাকাছি।

ডেনমার্কে জন্মগ্রহণকারী এই গায়িকার সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে মুম্বাই ও কোপেনহেগেনের সাথে তাঁর নিয়মিত যোগাযোগের আভাস মেলে। মুম্বাইয়ে একাধিকবার লাইভ পারফর্মও করেছেন তিনি। তবে এই প্রেমের গুঞ্জন বিষয়ে আরিয়ান কিংবা ভিনি কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গেও আরিয়ানের সম্পর্কের খবর নিয়ে বলিপাড়ায় জোর আলোচনা চলেছিল।