এই প্রজন্মের জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন। তাঁর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা, এরপর তিনি কোন পথে এগোবেন।

এনডিটিভির একান্ত সূত্রের দাবি, অরিজিৎ সিং একটি রাজনৈতিক দল গঠনের বিষয়টি বিবেচনা করছেন। তবে দলটির আত্মপ্রকাশ শিগগিরই হচ্ছে না এবং ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সঙ্গেও এটি যুক্ত হওয়ার সম্ভাবনা কম। বাংলা চলচ্চিত্র শিল্পের অন্দরমহলের সূত্র জানায়, তিনি প্রথমে তৃণমূল পর্যায়ে নির্বাচনী রাজনীতিতে যুক্ত হওয়ার কথা ভাবতে পারেন।

রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অরিজিৎ ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত হওয়ার প্রস্তুতি শুরু করেছেন।

বছরে কোটি কোটি টাকা আয় করলেও অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের শহরেই অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন।

প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে অরিজিৎ সিং লিখেছেন,
“হ্যালো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই ইতি টানছি। এটি ছিল একটি দারুণ যাত্রা।”