গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে হঠাৎ তোলপাড় সৃষ্টি করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। তাঁদের এমন রহস্যময় পোস্ট দেখে সে সময় অনেকেই ধরে নিয়েছিলেন গোপনে হয়তো বিয়ের পিঁড়িতে বসেছেন এই দুই তারকা। অবশেষে ভক্তদের সেই দীর্ঘদিনের কৌতুহল মেটাতে যাচ্ছে চরকি।
প্রতিবেদনে জানানো হয়, মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল সহ-প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির বহুল আলোচিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। জাহিদ প্রীতমের পরিচালনায় নির্মিত এই চরকি অরিজিনাল ফিল্মটি আগামী ৭ অক্টোবর রাত ১২টায় (৮ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। ফিল্মটির মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেট নাগরিকদের মাঝে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা।
প্রথমবারের মতো ওটিটি ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা এবং সহশিল্পী আরিফিন শুভকে নিয়ে কেয়া পায়েল জানান, “শুভ ভাইয়ের মধ্যে একজন নায়কের প্রয়োজনীয় সব গুণাবলি ও ব্যক্তিত্ব রয়েছে। তিনি ভীষণ আন্তরিক ও প্রফেশনাল।” নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে অনুরাগীদের প্রশ্নের জবাবে মিষ্টি হেসে অভিনেত্রী জানান, তিনি ভাগ্যে বিশ্বাস করেন এবং সময় হলেই সবাই তা জানতে পারবেন। চরকির পর্দায় দর্শক তাঁকে একদম ভিন্ন এক রূপে আবিষ্কার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী।