ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে বরাবরই সরব। ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেওয়ার পাশাপাশি স্টাইল ও সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করতেও তিনি বেশ পারদর্শী। এবার কালো শাড়িতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে আবারও আলোচনায় এই ঢালিউড কুইন।
শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে দেখা যায়, কারুকার্যখচিত কালো শাড়িতে ধরা দিয়েছেন তিনি, যেখানে তার লুকজুড়ে ফুটে উঠেছে এক অনন্য আভিজাত্য। শাড়ির সঙ্গে মানানসই ভারী গয়না এবং পরিপাটি চুলের সাজ তার পুরো উপস্থিতিকে আরও নান্দনিক করে তুলেছে।
শুধু সাজেই নয়, ছবির ক্যাপশনেও ছিল ভিন্নতা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এর বিখ্যাত গানের পংক্তি তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি লেখেন“তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সেকী কেবলই যাতনাময়!”
অপুর এই স্টাইলিশ উপস্থিতি ও গভীর অর্থবহ ক্যাপশন ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার এই আভিজাত্যপূর্ণ লুকের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ কবিগুরুর গীতিকথার সঙ্গে তার উপস্থাপনাকে দারুণ এক মেলবন্ধন বলেও উল্লেখ করেছেন।