বলিউড থেকে প্রায় এক দশকের দূরত্ব থাকলেও ভক্তদের হৃদয়ে আজও অমলিন অভিনেত্রী অনুষ্কা শর্মা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমে আবারও পর্দায় দেখা দিলেন এই তারকা। গহনার ব্র্যান্ড GIVA-এর নতুন কালেকশন ‘Heera by GIVA’-এর এই বিজ্ঞাপনী ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। তবে অনেকদিন পর প্রিয় অভিনেত্রীকে স্ক্রিনে দেখে উচ্ছ্বসিত হলেও, তাঁর চেহারার পরিবর্তন নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।

রেডিট ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওর নিচে অনেক দর্শক মন্তব্য করেছেন যে, অনুষ্কাকে এখন আগের চেয়ে অনেকটাই আলাদা লাগছে। এমনকি কেউ কেউ তাঁকে “চেনাই যাচ্ছে না” বলে দাবি করেছেন। এই পরিবর্তনকে অনেকে ‘কসমেটিক সার্জারি’ বা ‘এডিটিং’-এর প্রভাব বলে ধারণা করলেও ভক্তরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মতে, দুই সন্তানের মা হওয়া এবং বয়সের স্বাভাবিক পরিবর্তনের কারণেই এমনটা মনে হতে পারে। অনুষ্কার সমর্থকরা নারীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্তান হওয়ার পর আগের ফিটনেসে ফেরা অত্যন্ত চ্যালেঞ্জিং, যা অনেকেরই অজানা।

২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’র মাধ্যমে রাজকীয় অভিষেকের পর একে একে ‘পিকে’, ‘দিল ধড়কনে দো’ কিংবা ‘সঞ্জু’-র মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন অনুষ্কা। ২০১৮ সালের ‘জিরো’ ছিল তাঁর শেষ পূর্ণাঙ্গ চলচ্চিত্র। বর্তমানে স্বামী বিরাট কোহলির ম্যাচগুলোতে গ্যালারিতে সরব উপস্থিতি থাকলেও রুপালি পর্দায় তাঁর ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক। বিশেষ করে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক ছবি ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিং শেষ হলেও মুক্তির তারিখ না জানানোয় ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।