দীর্ঘ চার বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অংশুলা কাপুর ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী রোহন ঠাক্কর। সোমবার মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে হিন্দু রীতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ভিডিওতে দেখা গেছে, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়ছেন নবদম্পতি। হাসি, আনন্দ আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন অংশুলা ও রোহন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি আইনগত নিবন্ধনও সম্পন্ন করেছেন তাঁরা। বিয়ের নথিতে স্বাক্ষরের পর পরিবারের এক প্রবীণ সদস্যের আশীর্বাদ নেন নবদম্পতি।

বিয়ের দিন অংশুলার পরনে ছিল হালকা গোলাপি-আড়ু রঙের লেহেঙ্গা, আর রোহন ঠাক্কর পরেছিলেন আইভরি ও সোনালি রঙের শেরওয়ানি। তাঁদের সাজে ছিল ঐতিহ্য ও আভিজাত্যের মিশেল।

এই পারিবারিক আয়োজনে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের প্রায় সব সদস্য। অতিথি তালিকায় ছিলেন অনিল কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, মহীপ কাপুর, শানায়া কাপুর, শাবানা আজমি এবং কারিশমা কাপুরসহ আরও অনেকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অর্জুন কাপুর ব্যক্তিগতভাবে সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের অনুরোধ করেছিলেন, যেন অনুষ্ঠানস্থলে অতিরিক্ত ভিড় না করা হয়। কারণ, বিয়েটিকে একান্ত পারিবারিক ও ব্যক্তিগত রাখতে চেয়েছিল পরিবার। জানা গেছে, মঙ্গলবার নবদম্পতির জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

বিয়ের উৎসব শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে। গত ২১ জুন রোহনের পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘মাতা কি চৌকি’। এরপর মেহেদি অনুষ্ঠান এবং পরে জাহ্নবী ও খুশি কাপুরের পরিকল্পনায় আয়োজন করা হয় অংশুলার চুড়া ও কালিরা পরানোর বিশেষ অনুষ্ঠান।

মেহেদি অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী ও খুশিকে ধন্যবাদ জানিয়ে অংশুলা লিখেছিলেন, দুই বোন তাঁর জন্য কল্পনার চেয়েও সুন্দর আয়োজন করেছেন। প্রতিটি খুঁটিনাটিতে তাঁদের ভালোবাসা ও যত্নের ছাপ ছিল বলে উল্লেখ করেন তিনি।

অংশুলা কাপুর ও রোহন ঠাক্করের প্রেমের শুরু ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। কয়েক ঘণ্টার দীর্ঘ আলাপের মধ্য দিয়ে শুরু হওয়া সেই পরিচয় ধীরে ধীরে সম্পর্কে রূপ নেয়। ২০২৫ সালের জুলাইয়ে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন।

সেই মুহূর্তের স্মৃতিচারণ করে অংশুলা জানিয়েছিলেন, তিনি কখনো রূপকথার প্রেমে খুব একটা বিশ্বাস করতেন না। তবে রোহনের পরিকল্পনা এতটাই আন্তরিক ও ব্যক্তিগত ছিল যে আবেগাপ্লুত হয়ে তিনি ‘হ্যাঁ’ বলে দেন।

উল্লেখ্য, অংশুলা কাপুর প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের মেয়ে। সম্প্রতি তাঁকে আলোচিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এ দেখা গেছে।