বি-টাউনে সম্পর্কের সমীকরণ পাল্টায় ক্ষণে ক্ষণে। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা, বলিউড গ্ল্যামার গার্ল অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার শেষ নেই। তবে সব জল্পনা ছাপিয়ে গত দুদিন ধরে লাইমলাইটে ছিল এক নতুন নাম। শোনা যাচ্ছিল, শাহরুখ-পুত্র আরিয়ান খানের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা লক্ষ্য-র প্রেমে মজেছেন অনন্যা। কিন্তু সোমবার (৬ এপ্রিল) সকালেই পর্দা ফাঁস হলো এই রহস্যের।

রবিবার রাতে পরিচালক-প্রযোজক করণ জোহরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বি-টাউনের অলিতে-গলিতে হইচই ফেলে দেয়। লক্ষ্য ও অনন্যার ঘনিষ্ঠ রসায়ন দেখে নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, অনন্যা বুঝি ফের প্রেমে পড়লেন! তবে সোমবার জানা গেল, এটি বাস্তব জীবনের প্রেম নয়, বরং রুপালি পর্দার রোম্যান্স। করণ জোহরের আগামী ছবি 'চাঁদ মেরা দিল'-এ জুটি বাঁধছেন অনন্যা এবং লক্ষ্য। ছবির পোস্টারে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত এতটাই নজরকাড়া ছিল যে, তাকে বাস্তবের প্রেম বলে ভুল করা অস্বাভাবিক কিছু নয়।

অনন্যাকে শেষবার কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। অন্যদিকে, লক্ষ্য যিনি আরিয়ান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এবং ইতিপূর্বে 'কিল' ছবিতে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন। তাঁর ক্যারিয়ারে এই ছবি এক নতুন মাইলফলক হতে চলেছে। বিবেক সোনি পরিচালিত এই ছবিতে অনন্যা ও লক্ষ্যের চরিত্রের নাম ‘চাঁদনি’ ও ‘আরভ’। ২০২৫ সালে বড় পর্দায় তাঁদের এই প্রেমকাহিনি দেখার অপেক্ষায় এখন ভক্তরা।

২০২৪ সালে আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর অনন্যার জীবনে মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার আগমনের গুঞ্জন তুঙ্গে ছিল। আম্বানিদের রাজকীয় অনুষ্ঠানে আলাপ হওয়া সেই মডেলকে ‘ওয়াকি’ সম্বোধন করে অনন্যার আদুরে পোস্টগুলো যখন চর্চায়, ঠিক তখনই লক্ষ্যের সঙ্গে এই নতুন কাজের ঘোষণা সব হিসাব বদলে দিল। পর্দার এই নতুন জুটি দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে, এখন সেটাই দেখার বিষয়।