বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন আশি পেরিয়েও কাজের প্রতি নিজের অদম্য আগ্রহের কথা জানালেন। অবসরের কোনো পরিকল্পনা না রেখে এখনো সমানতালে কাজ করে যাচ্ছেন এই ‘বলিউড শাহেনশাহ’।
সম্প্রতি নিজের ব্লগে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে গিয়ে প্রতিদিন কাজ করার গুরুত্ব তুলে ধরেন তিনি। জানান, কোনো দিন কাজ ছাড়া কাটলে তিনি মানসিকভাবে অস্বস্তিতে ভোগেন।
নিজের ব্লগের সর্বশেষ পোস্টে অমিতাভ লেখেন, “মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অলসভাবে দিন কেটে যায়। কিন্তু প্রতিদিন কাজ না করলে বিষয়টি আমার কাছে অস্বস্তিকর মনে হয়।” তিনি আরও বলেন, দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী নির্দিষ্ট সময়সূচী মেনে কাজ না করলে দিনটি যেন এক রহস্যময় শূন্যতায় পরিণত হয়।
অভিনেতার মতে, কাজহীনতা শুধু মানসিক অস্বস্তিই তৈরি করে না, বরং উদ্বেগও বাড়ায় যা শরীর ও মনের জন্য ক্ষতিকর। তাই এমন অবস্থাকে তিনি অপ্রয়োজনীয় দুর্বলতা হিসেবেই দেখেন।
সম্প্রতি অমিতাভ বচ্চন শেষ করেছেন জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতি এর ১৭তম সিজন। সিজনের শেষ পর্বে দর্শকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিতে গিয়ে তিনি জানান, জীবনের বড় একটি সময় তিনি এই শোর সঙ্গে যুক্ত ছিলেন, যা তার জন্য এক বিশেষ যাত্রা।
সবশেষে তাকে দেখা গেছে কল্কি ২৮৯৮ এডি সিনেমায়। নাগ অশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বজুড়ে হাজার কোটি রুপির বেশি আয় করা এই সিনেমার সিক্যুয়েলের কাজ নিয়েও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।